হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০১৯ সালে বাংলাদেশে চালু হয় এই স্কলারশিপ। এই স্কলারশিপের অধীন টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি পাওয়া যাবে স্বাস্থ্যবিমাও। তবে আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও ডক্টরাল—তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারেন শিক্ষার্থীরা। দেশটির ৩০টি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যায় এ বৃত্তির আওতায়।
ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দেশ হাঙ্গেরি। দেশটির রাজধানী বুদাপেস্টসহ অন্য বড় শহরের মধ্যে রয়েছে দেব্রেসেন আর মিসকালো। শুধু হাঙ্গেরি নয়, ইউরোপের রাজনৈতিক, বাণিজ্যিক, সামাজিক ও যোগাযোগব্যবস্থার কেন্দ্রস্থল বুদাপেস্ট। এ ছাড়া এ দেশের অধিকাংশ জনবসতি বিখ্যাত দানিউব নদীর কূল ঘেঁষে গড়ে উঠেছে। হাঙ্গেরি সেনজেনভুক্ত দেশ হওয়ায় ইউরোপের ২৫টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করার সুযোগ রয়েছে। এ ছাড়া হাঙ্গেরির ৯৯ শতাংশ মানুষ ইংরেজি ভাষা জানে এবং এ ভাষায় কথা বলতে পারে।
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;
*ডরমিটরিতে বিনা মূল্যে আবাসনের সুবিধা;
*স্বাস্থ্যবিমা সুবিধা দেবে;
*স্নাতক ও স্নাতকোত্তর চলাকালে বছরে দেবে ৪৩ হাজার ৭০০ হাঙ্গেরিয়ান ফোরিন্ট;
*পিএইচডির জন্য দেবে ১ লাখ ৪০ হাজার হাঙ্গেরিয়ান ফোরিন্ট।