জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় থাকছে না মুক্তিযোদ্ধা ও নাতি-নাতনি কোটা

লেখক: versityadmission.com Team
প্রকাশ: ১ বছর আগে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ১ জানুয়ারি থেকে শুরু হবে যা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা পদ্ধতি বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা। সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণও নির্ধারণ করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে আসন্ন ভর্তি পরীক্ষায় থাকছে না মুক্তিযোদ্ধা নাতি-নাতনী কোটা। তবে পোষ্য ও ভিসি কোটার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

আরও পড়ুন : বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের বৃত্তি

তিনি বলেন, ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা পদ্ধতি বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এখনও পোষ্য কোটা ও ভিসি কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷

অবিলম্বে ভর্তি পরীক্ষায় অন্যান্য কোটা পদ্ধতি বাতিলের দাবি জানিয়ে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান বলেন, ভর্তি পরীক্ষা কমিটির আজকের সভায় মুক্তিযোদ্ধা নাতি-নাতনী কোটা বাতিল হলেও ভিসি ও পোষ্য কোটা সংস্কারের ব্যাপারে প্রশাসন সিদ্ধান্ত নেয়নি। অবিলম্বে পোষ্য ও ভিসি কোটা বাতিল চাই।

গত বছরের ৬টি ইউনিটের পরিবর্তে এবারের ভর্তি পরীক্ষায় ১০টি ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আইন অনুষদ, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি(আইআইটি) ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবার স্বতন্ত্র ইউনিটে ভর্তি পরীক্ষা নেবে বলে জানান সদস্য সচিব আলী রেজা।

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় থাকছে না মুক্তিযোদ্ধা ও নাতি-নাতনি কোটা